দিল্লি বিমানবন্দরে আটক সৌরভ দাস, পাসপোর্ট সংক্রান্ত তথ্যে অসঙ্গতির দাবি বিদেশ মন্ত্রকের

দিল্লি বিমানবন্দরে আটক সৌরভ দাস, পাসপোর্ট সংক্রান্ত তথ্যে অসঙ্গতির দাবি বিদেশ মন্ত্রকের

লন্ডনগামী বিমানে ওঠার ঠিক আগে দিল্লি বিমানবন্দরে সৌরভ দাসকে আটকে দেওয়া হয়। তাঁর পাসপোর্টটি ‘ফ্ল্যাগ’ বা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অভিবাসন দপ্তরের তরফে জানানো হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন আয়োজিত একটি প্যানেল আলোচনায় যোগ দিতে তাঁর ব্রিটেন যাওয়ার কথা ছিল। পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিক্স এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়েও তাঁর বক্তব্য রাখার কর্মসূচি ছিল।

এই ঘটনার প্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আইন প্রয়োগকারী সংস্থার রিপোর্টের ভিত্তিতে গত ২৩ নভেম্বর সৌরভ দাসকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তাঁর জন্মস্থান সংক্রান্ত তথ্যে কিছু অসঙ্গতি ধরা পড়েছে, যার ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের অসঙ্গতি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিদেশ যাত্রায় বাধার জন্য সৌরভ দাস কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন।

বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনার বিরুদ্ধে সৌরভ দাস দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিতিন বাসুদেও সামব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চে তাঁর আইনজীবী জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। আদালত এই আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে। সৌরভের আইনজীবীর দাবি, অভিবাসন কর্তারা তাঁকে বিদেশে যেতে বাধা দেওয়ার কোনো আনুষ্ঠানিক আদেশ দেখাতে পারেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *