সম্পর্কের নতুন ট্রেন্ড ‘অ্যাফোর্ডেটিং’: লোকদেখানো বিলাসিতাকে বিদায় জেন জি-র

বর্তমান প্রজন্মের কাছে প্রেমের সংজ্ঞা বদলে দিচ্ছে ‘অ্যাফোর্ডেটিং’ নামক এক নতুন ডেটিং সংস্কৃতি। এই ধারায় লোকদেখানো বিলাসিতার পরিবর্তে আর্থিক সামর্থ্য অনুযায়ী ডেট প্ল্যান করার ওপর জোর দেওয়া হয়। দামি রেস্তোরাঁর বুফে বা বিলাসবহুল সিনেমা হলের বদলে সাধারণ চায়ের দোকানে আড্ডা, পার্কে বসে গল্প করা কিংবা হাতে লেখা চিঠি আদান-প্রদানকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তরুণ-তরুণীরা। ইনস্টাগ্রামে ছবি দেওয়ার জন্য নয়, বরং একে অপরকে জানার উদ্দেশ্যেই এই ডেটিং কালচার জনপ্রিয় হয়ে উঠছে।
এই ট্রেন্ডের মূল ভিত্তি হলো আর্থিক সততা। জেন জি প্রজন্ম মনে করে, সম্পর্কের শুরুতেই বাজেট নিয়ে খোলামেলা আলোচনা করা প্রয়োজন। এতে সম্পর্কের ওপর থেকে বাড়তি আর্থিক চাপ কমে এবং মানুষ নিজেকে নকলভাবে উপস্থাপন করার প্রয়োজন বোধ করে না। যখন টাকার দেখনদারি সরে যায়, তখন দুই ব্যক্তির মধ্যে প্রকৃত বোঝাপড়া তৈরি হয়, যা দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য সহায়ক।
বিশেষজ্ঞদের মতে, কোভিড পরবর্তী সময়ে চাকরির অনিশ্চয়তা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ফলে তরুণ প্রজন্মের মধ্যে এই সচেতনতা তৈরি হয়েছে। তারা বুঝেছে যে, ভালোবাসা টাকার মাপকাঠিতে বিচার্য নয়। নিজের বাজেটের সঙ্গে মানানসই পরিকল্পনা করা এবং সঙ্গীর আর্থিক সীমাবদ্ধতাকে সম্মান জানানোই এখন আধুনিক রোম্যান্সের মূল মন্ত্র। প্রেমে শান্তি বজায় রাখাই এই নতুন ধারার প্রধান লক্ষ্য, যেখানে দামি উপহারের চেয়ে মানসিক সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।