রেলে গ্রুপ বুকিংয়ের নিয়মে বড় বদল, বার্থের সংখ্যায় আর কোনো সীমাবদ্ধতা নেই

দক্ষিণ পশ্চিম রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, গ্রুপ বা বাল্ক বুকিংয়ের ক্ষেত্রে বার্থ সংখ্যার আগের সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। এখন থেকে চিফ রিজার্ভেশন সুপারভাইজার এবং স্টেশন ম্যানেজাররা কোনো নির্দিষ্ট বার্থের সীমা ছাড়াই গ্রুপ বুকিংয়ের অনুমোদন দিতে পারবেন। ট্রেনের সব শ্রেণির ক্ষেত্রেই এই নতুন নিয়ম কার্যকর হবে এবং টিকিট কনফার্ম, আরএসি বা ওয়েটিং লিস্ট—সব ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুবিধা মূলত বরযাত্রী, স্কুল বা কলেজের শিক্ষার্থী, তীর্থযাত্রী, খেলোয়াড় এবং সাংস্কৃতিক দলের মতো প্রকৃত ভ্রমণকারী গোষ্ঠীর জন্য আনা হয়েছে। বড় রেল সংরক্ষণ কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে এই বুকিংয়ের আবেদন জমা নেওয়া হবে। তবে কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে এই আবেদন করা যাবে না, সরাসরি আয়োজকদেরই অনুমোদিত আধিকারিকের কাছে আবেদন করতে হবে।
আবেদন করার সময় ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি দলের প্রতিটি সদস্যের নাম, বয়স, লিঙ্গ এবং ঠিকানার বিস্তারিত তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। ফিরতি যাত্রার টিকিট চাইলে তা আলাদা বুকিং হিসেবে গণ্য হবে। রেলের এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হলো প্রকৃত দলগুলোর যাতায়াত সহজ করা এবং বিপুল আসন বুক করে নিয়মের অপব্যবহার রোধ করা। বিদেশি পর্যটক ও এনআরআই যাত্রীদের জন্য প্রচলিত নিয়ম আগের মতোই বহাল থাকবে।