SRFTI-তে মহিলা পড়ুয়াকে অনুসরণ ও গোপনে ভিডিও করার অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

SRFTI-তে মহিলা পড়ুয়াকে অনুসরণ ও গোপনে ভিডিও করার অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI) এক মহিলা পড়ুয়াকে শৌচাগারের সামনে অনুসরণ এবং গোপনে ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ছাত্র সংসদের দাবি, বুধবার প্রশাসনিক ভবনে শৌচাগার ব্যবহারের সময় এক নিরাপত্তারক্ষী ওই পড়ুয়াকে অনুসরণ করেন এবং দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। শৌচাগারের দরজা ঠিকমতো বন্ধ না হওয়ায় পড়ুয়াদের মধ্যে ভিডিও রেকর্ডিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক প্রবীর কুমার মুন্সির সঙ্গে পড়ুয়াদের বচসা বাধে।

ছাত্র সংসদের অভিযোগ, গত দুই মাস ধরে নিরাপত্তারক্ষীরা ব্যক্তিগত মোবাইল ফোনে পড়ুয়াদের ছবি ও ভিডিও রেকর্ড করছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকের দাবি, উপাচার্য সন্তোষ আজমেরার নির্দেশেই এই রেকর্ডিং চলছে, তবে এর কোনো লিখিত প্রমাণ তিনি দেখাতে পারেননি। পরিস্থিতি উত্তপ্ত হলে মহিলা পড়ুয়াদের মৌখিক ও শারীরিক হেনস্থার অভিযোগও উঠেছে। ছাত্র সংসদের দাবি, রেজিস্ট্রার ও ডিনকে বিষয়টি জানানো হলেও কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি উপস্থিত পুলিশকর্মীরাও কোনো হস্তক্ষেপ করেননি বলে অভিযোগ।

এই ঘটনার প্রেক্ষিতে উপাচার্যের কাছে ছ’দফা দাবি জানিয়েছে ছাত্র সংসদ। এর মধ্যে রয়েছে রেকর্ডিংয়ের নির্দেশের লিখিত প্রতিলিপি প্রকাশ, সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দেওয়া এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত নিরাপত্তা আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া। এছাড়া মহিলা শৌচাগারের সামনে মহিলা নিরাপত্তারক্ষী মোতায়েন ও ছবি তোলার ক্ষেত্রে লিখিত নীতি চালুর দাবি জানানো হয়েছে। তবে এই বিষয়ে উপাচার্য, রেজিস্ট্রার বা ডিনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *