রাহুল গাঁধীর বিরুদ্ধে ইডি-সিবিআই তদন্তের নির্দেশ বাতিল করল সুপ্রিম কোর্ট

কংগ্রেস নেতা রাহুল গাঁধীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে সিবিআই ও ইডি তদন্তের যে নির্দেশ এলাহাবাদ হাই কোর্ট দিয়েছিল, তা বুধবার বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ হাই কোর্টের অন্তর্বর্তিকালীন নির্দেশগুলি খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এই মামলায় রাহুল গাঁধীকে পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এবং হাই কোর্টে নতুন করে মামলার শুনানি শুরু করতে হবে।
আদালত জানিয়েছে, মামলার মূল অভিযোগের গুণাগুণ নিয়ে তারা কোনো মন্তব্য করছে না, বরং শুনানির মৌলিক অধিকার নিশ্চিত করাই এই রায়ের উদ্দেশ্য। রাহুলের আইনজীবীর অভিযোগ ছিল, তাঁকে পক্ষ হিসেবে না রেখেই এবং কোনো বক্তব্য না শুনেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, যা আইনের মৌলিক নীতির পরিপন্থী। এছাড়া কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়াই হাই কোর্ট উদ্দেশ্যহীন তদন্তের নির্দেশ দিয়েছিল বলে দাবি করা হয়।
শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচী উল্লেখ করেন, নতুন ফৌজদারি আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী অভিযুক্তের বক্তব্য জানানোর পরিসর আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। রাহুলের পক্ষ থেকে আরও দাবি করা হয় যে, অভিযোগকারী বিঘ্নেশ শিশির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ধারাবাহিক ভাবে হয়রানিমূলক মামলা দায়ের করছেন। এই সমস্ত দিক বিবেচনা করেই শীর্ষ আদালত মামলাটি পুনরায় হাই কোর্টে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।