দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম নিল দু’টি লাল পান্ডা শাবক

দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম নিল দু’টি লাল পান্ডা শাবক

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানায় নতুন অতিথির আগমন ঘটেছে। চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, ছয় বছর বয়সী পিকু নামের এক স্ত্রী লাল পান্ডা দু’টি শাবকের জন্ম দিয়েছে। দার্জিলিংয়ের নিকটবর্তী টপগেয়দারায় অবস্থিত আবদ্ধ প্রজনন কেন্দ্রে শাবক দু’টির জন্ম হয়। এই নতুন শাবক জন্মের ফলে চিড়িয়াখানায় বর্তমানে লাল পান্ডার মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১টিতে। এর মধ্যে সাতটি পুরুষ, ১২টি স্ত্রী এবং সদ্যোজাত দু’টি শাবক রয়েছে। তবে শাবক দু’টির লিঙ্গ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে শাবকগুলোর জন্ম হয়। জন্মের পর থেকেই মা ও শাবকদের স্বাস্থ্যের ওপর বিশেষ নজর রাখা হয়েছিল, কারণ এই প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রথম দুই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। তাদের স্বাস্থ্যের সন্তোষজনক উন্নতির বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই এই সুখবরটি প্রকাশ্যে আনা হয়েছে। উপযুক্ত সময় হলে শাবক দু’টিকে জনসাধারণের দেখার জন্য চিড়িয়াখানায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা আইইউসিএন লাল পান্ডাকে বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত দার্জিলিংয়ের এই চিড়িয়াখানাটি রেড পান্ডা সংরক্ষণ ও কৃত্রিম প্রজনন কর্মসূচির জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এছাড়া স্নো লেপার্ড, তিব্বতি নেকড়ে এবং হিমালয় স্যালমান্ডারের মতো বিপন্ন প্রজাতির প্রাণীদের প্রজনন ও সংরক্ষণেও এই চিড়িয়াখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০২২ সালে সেন্ট্রাল জু অথরিটি এই চিড়িয়াখানাকে দেশের সেরা চিড়িয়াখানার স্বীকৃতি প্রদান করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *