দিনহাটায় রেসিডেন্ট সার্টিফিকেট না মেলায় ‘বাংলাদেশি’ তকমা দেওয়ার অভিযোগ

কোচবিহারের দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারি গ্রামের বাসিন্দা আব্দুল হাবিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হাবিবের অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁর কন্যা সন্তানের জন্ম হলেও, দু’মাস পেরিয়ে যাওয়ার পরেও তিনি মেয়ের জন্মের শংসাপত্র করাতে পারেননি। এই শংসাপত্রের জন্য প্রয়োজনীয় রেসিডেন্ট সার্টিফিকেট পেতে তিনি পঞ্চায়েতে যোগাযোগ করেছিলেন, কিন্তু প্রধান না থাকায় তাঁকে বিধায়কের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
হাবিবের দাবি, তিনি দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়ের সঙ্গে দেখা করলে বিধায়ক তাঁর ভোটার তালিকা যাচাই করেন। সেই সময় হাবিবের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে জানা যায়। হাবিবের অভিযোগ, এই সূত্র ধরেই তাঁকে ‘বাংলাদেশি’ বলে কটাক্ষ করা হয় এবং রেসিডেন্ট সার্টিফিকেট দিতে অস্বীকার করা হয়। যদিও তাঁর স্ত্রীর নাম ভোটার তালিকায় রয়েছে এবং ২০০২ সালের এসআইআর-এ তাঁর বাবার নামও ছিল বলে তিনি দাবি করেছেন।
ভোটার তালিকায় নাম ফিরে পেতে হাবিব ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যার নিষ্পত্তি এখনও হয়নি। নিজের কাছে প্রয়োজনীয় সমস্ত নথি থাকা সত্ত্বেও কেন তাঁকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে বিজেপি বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দিনহাটা-২ ব্লকের বিডিও লামু ওয়াই ওয়াংদি জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই, তবে লিখিত অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।