২৭ নভেম্বর প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামী ২৭ নভেম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ করতে চলেছে। ওইদিন দুপুর আড়াইটে নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপর বিকেল তিনটে থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল অনলাইনে দেখতে পারবেন। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কারণে প্রতিটি সেমিস্টারের ফল আলাদাভাবে প্রকাশ করা হচ্ছে এবং তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশের মাধ্যমেই চূড়ান্ত ফলাফল তৈরির প্রক্রিয়া শুরু হবে।
পরীক্ষার্থীরা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট result.wb.gov.in-এ গিয়ে নিজেদের ফলাফল জানতে পারবেন। এছাড়া results.shiksha ওয়েবসাইট থেকেও রেজাল্ট দেখা সম্ভব। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ তাদের নিজস্ব লগ-ইন পোর্টালের মাধ্যমে পরীক্ষার্থীদের রেজাল্ট ডাউনলোড করতে পারবেন। ফল প্রকাশের দিন ওয়েবসাইটে অতিরিক্ত ভিড়ের কারণে সার্ভারে সাময়িক ধীরগতি হতে পারে বলে সংসদ সতর্ক করেছে।
সার্ভারের সমস্যার কারণে কোনো পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে ফলাফল দেখতে না পারলে ধৈর্য ধরে পুনরায় চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে। ফলাফল সংক্রান্ত কোনো সমস্যা বা বিভ্রান্তি তৈরি হলে সংশ্লিষ্ট স্কুলের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তৃতীয় সেমিস্টারের এই ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী।