ভোটার তালিকায় তথ্যের ভুল সংশোধনে বাড়ি বাড়ি যাবেন বিএলও, নির্দেশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকায় তথ্যের ভুল সংশোধনে বাড়ি বাড়ি যাবেন বিএলও, নির্দেশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকায় থাকা তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর এবার ভোটারদের দেওয়া তথ্যের অসঙ্গতি দূর করতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, এখন থেকে বুথস্তরের আধিকারিক বা বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন। ভোটার তালিকায় থাকা তথ্যের সঙ্গে সংগৃহীত তথ্যের অমিল থাকলে তা চিহ্নিত করে সংশোধন করতে হবে।

কমিশনের তথ্য অনুযায়ী, এর আগে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রাজ্য থেকে মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট মিলিয়ে প্রায় ৬.৫ কোটি নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তথ্যগত অসঙ্গতির কারণে প্রায় ২৭ লক্ষ নাম বাদ পড়েছে। প্যান বা আধার কার্ডের মতো ভোটার কার্ডের তথ্যও যাতে নির্ভুল থাকে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, ঠিকানা বা ছবির মতো তথ্যে কোনো ভুল থাকলে তা সংশোধন করা হবে।

কমিশন স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র স্বয়ংক্রিয় বা অটোমেটেড আইডেন্টিফিকেশনের ভিত্তিতে ভোটার তালিকায় কোনো পরিবর্তন করা যাবে না। তথ্য সংশোধনের ক্ষেত্রে ভোটারের স্বাক্ষর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। ভোটার তালিকায় থাকা প্রত্যেক ভোটারের তথ্য যাতে সম্পূর্ণ নির্ভুল থাকে, তা সুনিশ্চিত করাই এই নতুন প্রক্রিয়ার মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *