মালদহ শহরের জলনিকাশি ও চাতরা বিল সংরক্ষণে ৩০০ কোটির পরিকল্পনা ইংরেজবাজার পুরসভার

ইংরেজবাজার শহরের দীর্ঘদিনের জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রায় ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে পুরসভা। সোমবার পুরসভায় আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রকল্পের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি, অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদারসহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রকল্পের প্রাথমিক ব্যয় ৩০০ কোটি টাকা ধরা হলেও প্রয়োজনে তা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
শহরের নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য তিনটি মূল বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বৃষ্টির জল দ্রুত নিষ্কাশন, নোংরা জল পরিশোধনের পর মহানন্দা নদী ও চাতরা বিলে ফেলার ব্যবস্থা এবং চাতরা বিলকে দখল ও ভরাটের হাত থেকে রক্ষা করা। পুরসভার দাবি, চাতরা বিলকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে পারলে শহরের জলবদ্ধতার সমস্যা অনেকটাই কমবে। এই পরিকল্পনা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে চলমান মামলার ক্ষেত্রেও তুলে ধরা হবে।
পুরসভার চেয়ারম্যানের মতে, ভৌগোলিক অবস্থানের কারণে মহানন্দা নদী ও রেললাইনের মাঝে অবস্থিত এই শহরটি গামলার মতো অবস্থায় রয়েছে। এর ওপর নিকাশি নালা বুজে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই ফোয়ারা মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় জল জমে যায়। তবে এই অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, অতীতেও জল পরিশোধনের ব্যবস্থা ছিল। এখন এই নতুন প্রকল্প বাস্তবায়িত হলে শহরবাসী জলবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পান কি না, সেটাই দেখার বিষয়।