এএফসি র্যাঙ্কিংয়ে উন্নতি ভারতের, সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ আইএসএল জয়ী দলের

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে জর্ডানের ক্লাব আল হুসেনকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে এএফসি পশ্চিমাঞ্চলের ক্লাব প্রতিযোগিতার র্যাঙ্কিংয়ে ভারত ১৩ নম্বরে উঠে এসেছে। ভারতের বর্তমান পয়েন্ট ২০.৪১৭। এই সাফল্যের হাত ধরে এশিয়ার সামগ্রিক তালিকায় ভারত ২৪তম স্থানে উঠে এসেছে এবং কিরগিজস্তানকে টপকে গিয়েছে।
এই র্যাঙ্কিং ধরে রাখতে পারলে ২০২৮-২৯ মরশুমে আইএসএল জয়ী দল সরাসরি এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। এর ফলে ভারতীয় ক্লাবগুলিকে আর প্রাথমিক পর্বের বাধা পেরোতে হবে না। আল হুসেনের বিরুদ্ধে ৮৭ মিনিটে গোল করে ইস্টবেঙ্গল এই জয় নিশ্চিত করে, যা চলতি মরশুমে হাবাসের দলের প্রথম জয়।
বর্তমানে ভারতের পিছনে থাকা কিরগিজস্তান, তাজিকিস্তান এবং বাংলাদেশের কোনো ক্লাবই চলতি মরশুমে আর এএফসি প্রতিযোগিতায় অংশ নেবে না, ফলে তাদের পয়েন্ট বাড়ার সম্ভাবনা নেই। ভারতের সামনে র্যাঙ্কিংয়ে আরও উন্নতির সুযোগ রয়েছে। ১২ বা ১১ নম্বরে পৌঁছাতে পারলে চ্যালেঞ্জ লিগের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রাথমিক পর্বে অতিরিক্ত একটি প্রবেশাধিকার পাওয়ার সম্ভাবনা তৈরি হবে ভারতের জন্য।