শীতের পোশাক গুছিয়ে রাখার সহজ কৌশল, আলমারিতে বাঁচবে অনেকটা জায়গা

শীতকালে সোয়েটার, জ্যাকেট, শাল ও মাফলারের মতো পোশাকের ব্যবহার বেড়ে যায়। এই ভারী পোশাকগুলো আলমারিতে জায়গা দখল করে নেওয়ায় রোজকার পোশাক গুছিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। সঠিক পদ্ধতিতে শীতের পোশাক সংরক্ষণ করলে আলমারি অগোছালো হওয়ার ভয় থাকে না এবং পোশাকের গুণমানও বজায় থাকে।
পোশাক গুছিয়ে রাখার ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী তাক ভাগ করে নেওয়া জরুরি। সোয়েটার, জ্যাকেট ও থার্মাল পোশাক আলাদা তাকে রাখলে জায়গা বাঁচে। ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগ ব্যবহার করে যেসব পোশাক প্রতিদিন প্রয়োজন হয় না, সেগুলো কম জায়গায় রাখা সম্ভব। তবে উল বা বিশেষ কাপড়ের ক্ষেত্রে যত্নের নির্দেশিকা মেনে চলাই শ্রেয়।
সোয়েটার হ্যাঙ্গারে না ঝুলিয়ে ভাঁজ করে বা রোল করে রাখলে কাঁধের অংশ ঢিলে হওয়ার ভয় থাকে না। জ্যাকেট বা কোট হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে ভাঁজ করার ঝামেলা কমে এবং জায়গা সাশ্রয় হয়। এছাড়া শাল, মাফলার, টুপি ও গ্লাভসের মতো ছোট জিনিসগুলো আলাদা বাক্সে বা অর্গানাইজারে রাখলে আলমারি পরিপাটি থাকে এবং প্রয়োজনে সহজেই খুঁজে পাওয়া যায়।