নতুন স্পাই থ্রিলারে গুপ্তচরের ভূমিকায় অজয় দেবগণ

বলিউডের সফল অভিনেতা ও প্রযোজক জুটি অজয় দেবগণ এবং ভূষণ কুমার ফের নতুন একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করতে চলেছেন। ভারতীয় গুপ্তচরবৃত্তির প্রেক্ষাপটে নির্মিত হতে চলা এই স্পাই থ্রিলার ছবিটি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর আগে ‘তানহাজি’, ‘দৃশ্যম ২’ এবং ‘রেড ২’-এর মতো একাধিক সফল ছবি উপহার দিয়েছেন এই জুটি। নতুন এই ছবিটি অজয় দেবগণের ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের এবং গুরুত্বপূর্ণ প্রজেক্ট হতে চলেছে বলে জানা গেছে।
প্রযোজক ভূষণ কুমার এই ছবির জন্য একটি বিশেষ চিত্রনাট্য তৈরি করেছেন এবং অভিনেতা নিজেও এই নতুন কাজ নিয়ে বেশ উৎসাহী। তবে ছবির পরিচালক কে হবেন বা অন্যান্য কলাকুশলীদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং ২০২৮ সালের মাঝামাঝি সময়ে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
বর্তমানে অজয় দেবগণ তাঁর হাতে থাকা একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে রয়েছে রোহিত শেঠির ‘গোলমাল ৫’, জগন শক্তি পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবি ‘রেঞ্জার’ এবং নীরজ যাদব পরিচালিত ‘চৌহান’। ‘রেঞ্জার’ ছবিতে অজয়ের বিপরীতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। একের পর এক নতুন প্রজেক্টের ঘোষণার মাধ্যমে অভিনেতা তাঁর ব্যস্ত শিডিউল বজায় রেখেছেন।