রক্তের বিরল ক্যান্সারে আক্রান্ত ছিলেন গায়ক শফকত আমানত আলি, জানালেন দীর্ঘ লড়াইয়ের কথা

‘মিতওয়া’, ‘তেরি ঝুকি নজর’ বা ‘তেরে নয়না’-র মতো জনপ্রিয় গানের শিল্পী শফকত আমানত আলি দীর্ঘ দু’বছর ধরে মারণরোগের সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে পাকিস্তানের এই জনপ্রিয় গায়ক জানিয়েছেন যে, তিনি মাল্টিপল মায়েলোমা নামক এক ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। অসুস্থতার কারণে প্রায় এক বছর তাঁকে শয্যাশায়ী থাকতে হয়েছিল।
দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপির পর শিল্পী ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। শফকত জানিয়েছেন, এই কঠিন সময়ে পরিস্থিতি এতটাই জটিল ছিল যে, বিষয়টি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের বাইরে অনেকের কাছেই গোপন রাখতে হয়েছিল। এই লড়াই তাঁর ও তাঁর কাছের মানুষদের মানসিকভাবে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল।
কেমোথেরাপি শেষ হওয়ার পর শারীরিক বাধা কাটিয়ে তিনি ফের মঞ্চে ফিরেছেন। লাহোরে একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি পুনরায় গান শুরু করেন। বর্তমানে তিনি রেকর্ডিংয়ের পাশাপাশি সরাসরি অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। আগামী ২৮ নভেম্বর করাচিতে একটি সংগীতানুষ্ঠানে তাঁর পারফর্ম করার কথা রয়েছে। এরপর ইসলামাবাদ ও লাহোরেও তাঁর অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।