ধোনির মেন্টর ভূমিকা চেন্নাইয়ের জন্য বড় পাওনা, মনে করছেন নূর আহমেদ

ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে আর চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা না গেলেও, মেন্টর হিসেবে তাঁর উপস্থিতি দলকে সাহায্য করবে বলে মনে করছেন আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ। আইপিএলের রিটেনশন পর্বের আগেই ধোনি ক্রিকেটার হিসেবে নিজের আইপিএল কেরিয়ারে ইতি টেনেছেন এবং মেন্টরের দায়িত্ব গ্রহণ করেছেন। নূরের মতে, ধোনির এই নতুন ভূমিকা চেন্নাইয়ের তরুণ ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নূর জানান, ধোনির উইকেটকিপিং এবং ম্যাচ শেষ করার দক্ষতা তিনি সবচেয়ে বেশি মিস করবেন। তবে তিনি খুশি যে ধোনি এখনও দলের সঙ্গে যুক্ত রয়েছেন। নূর আরও বলেন, বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়ায় এবং সিনিয়রদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার ফলে অনেক কিছু শেখা সম্ভব হয়।
আসন্ন আইএলটি-টোয়েন্টি নিয়ে নূর জানান, দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই সাফল্যের চাবিকাঠি। আধুনিক ক্রিকেটে স্পিনারদের জন্য ফ্লাইট এখনও একটি কার্যকর অস্ত্র বলে তিনি মনে করেন। তবে বোলারদের জন্য আইপিএলকে সবচেয়ে কঠিন প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করেছেন নূর। তাঁর মতে, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এবং ব্যাটিং সহায়ক পিচের কারণে বোলারদের কাজ বর্তমানে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।