শীতকালে চুল পড়া কমাতে মেনে চলুন বিশেষ কিছু নিয়ম

শীতের মরসুমে চুল পড়ার সমস্যা অনেকের ক্ষেত্রেই বেড়ে যায়। এই সময়ে চুলের স্বাস্থ্য বজায় রাখতে প্রথমেই গরম জলের ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। অতিরিক্ত গরম জলে স্নান করলে মাথার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও তেল কমে যায়, ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই চুল ধোয়ার জন্য হালকা উষ্ণ জল ব্যবহার করাই শ্রেয়। এছাড়া প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই, বরং চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নেওয়া জরুরি।
মাথার ত্বকের যত্নেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। শুষ্ক স্ক্যাল্পে চুলকানি বা খুশকির সমস্যা দেখা দিলে নখ দিয়ে আঁচড়ানো থেকে বিরত থাকতে হবে। স্নানের পর ভেজা চুল আঁচড়ানোর সময় বড় দাঁড়ার চিরুনি ব্যবহার করা উচিত, যাতে চুল ছিঁড়ে না যায়। পাশাপাশি হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনারের মতো হিট স্টাইলিং যন্ত্রের ব্যবহার কমিয়ে চুলে কন্ডিশনার বা হেয়ার মাস্ক ব্যবহার করা যেতে পারে, যা চুলকে রুক্ষ হওয়ার হাত থেকে রক্ষা করে।
চুলের যত্নে কেবল বাইরের পরিচর্যাই যথেষ্ট নয়, খাদ্যাভ্যাসের দিকেও নজর দেওয়া জরুরি। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন ও শাকসবজি রাখা প্রয়োজন। শরীরকে আর্দ্র রাখতে পর্যাপ্ত জল পান করা এবং নিয়মিত পর্যাপ্ত ঘুম চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া চুল ভেঙে যাওয়া রোধ করতে খুব শক্ত করে চুল বাঁধা বা কপালের কাছের চুলে টান পড়ে এমন হেয়ারস্টাইল এড়িয়ে চলাই ভালো।