খড়্গপুর আইআইটির অনুষ্ঠানে বামপন্থীদের তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

খড়্গপুর আইআইটির অনুষ্ঠানে বামপন্থীদের তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

খড়্গপুর আইআইটির প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে বামপন্থীদের বিরুদ্ধে শিল্প-বিরোধিতার অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ স্মারক মুদ্রার উন্মোচন করেন তিনি। পাশাপাশি ‘৭৫ ভয়েসেস ফর বিকশিত ভারত’ উদ্যোগের আওতায় ৭৫ জন পড়ুয়ার সঙ্গে কথা বলে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা ও পড়াশোনা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

ভাষণ দেওয়ার সময় সেমিকন্ডাক্টর শিল্পের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী দাবি করেন, প্রায় ৫০ বছর আগেই ভারতে চিপ তৈরির জন্য সংস্থা এসেছিল। কিন্তু বামপন্থীদের ‘লাল ঝান্ডা’ দেখিয়ে সেই সংস্থাগুলিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তাঁর মতে, সেই সময় সঠিক নীতিগত সিদ্ধান্তের অভাবে শিল্পায়ন থমকে গিয়েছিল। তবে দেরিতে শুরু করলেও ভারত বর্তমানে চিপ রপ্তানি করছে বলে তিনি উল্লেখ করেন।

ছাত্রছাত্রীদের ‘ব্রেক দ্য লিমিটস’ বা সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে নতুন সম্ভাবনা খোঁজার মন্ত্র দেন মোদী। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে আইআইটির পড়ুয়াদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ‘নেশনস ফার্স্ট’ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে স্টার্টআপ থেকে মহাকাশ গবেষণা—প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী। পরিশেষে তিনি দৃঢ়তার সঙ্গে জানান, সেমিকন্ডাক্টর চিপ থেকে শুরু করে জাহাজ পর্যন্ত সব কিছুই এখন ভারতে তৈরি করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *