বাড়ির টবেই ফলবে লাল স্ট্রবেরি, জেনে নিন চাষের সহজ কৌশল

বাড়ির টবেই ফলবে লাল স্ট্রবেরি, জেনে নিন চাষের সহজ কৌশল

শীতের মরসুমে বাড়িতেই খুব সহজে স্ট্রবেরি চাষ করা সম্ভব। এর জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, ছাদবাগান বা বারান্দার ছোট টবেই এই ফল ফলানো যায়। টবে চাষের জন্য সুইট চার্লি, ফেস্টিভাল বা উইন্টার ডনের মতো জাতগুলো বেছে নেওয়া ভালো। নার্সারি থেকে চারা কেনার সময় সতেজ ও রোগমুক্ত গাছ দেখে কিনুন। খুব ছোট চারা হলে প্রথমে ছোট পাত্রে রেখে বড় হওয়ার পর বড় টবে স্থানান্তর করা সুবিধাজনক।

স্ট্রবেরির শিকড় খুব গভীরে যায় না, তাই গভীর টবের বদলে চওড়া পাত্র নির্বাচন করা জরুরি। টবের মাটিতে ৩০ শতাংশ সাধারণ মাটি, ৩০ শতাংশ কোকোপিট ও ৪০ শতাংশ জৈব সার মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। চারা বসানোর সময় গাছের ‘ক্রাউন’ বা মোটা অংশটি মাটির উপরে রাখুন। টবে অবশ্যই জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। গাছকে দিনে অন্তত ৫-৬ ঘণ্টা সরাসরি রোদে রাখা প্রয়োজন। মাটি শুকিয়ে গেলে তবেই জল দিন, তবে খেয়াল রাখবেন যেন গোড়ায় জল না জমে।

গাছের ভালো ফলনের জন্য মাসে একবার জৈব সার বা সবজি-ফলের খোসা পচানো তরল সার ব্যবহার করা যেতে পারে। পোকামাকড় থেকে রক্ষা করতে নিমতেল স্প্রে করা কার্যকর। মাটির আর্দ্রতা বজায় রাখতে গাছের গোড়ার চারপাশ প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে। সাধারণত ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে চারা রোপণ করলে ৬০ থেকে ৮০ দিনের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। সঠিক যত্ন ও পরিচর্যায় খুব সহজেই ঘরে বসে টাটকা স্ট্রবেরি পাওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *