বারবার চা গরম করে পান করা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

অনেকেই চা বানিয়ে দীর্ঘক্ষণ রেখে দেন এবং পরে তা বারবার গরম করে পান করেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চা বারবার গরম করলে এর স্বাদ ও গন্ধ যেমন নষ্ট হয়, তেমনই স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। চা তৈরির পর যত দ্রুত সম্ভব তা পান করে নেওয়াই সবচেয়ে ভালো অভ্যাস।
তৈরি করা চা দীর্ঘক্ষণ ঘরের তাপমাত্রায় ফেলে রাখলে তাতে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মানোর সম্ভাবনা থাকে। বিশেষ করে দুধ ও চিনি মেশানো চায়ে জীবাণু খুব দ্রুত বংশবিস্তার করতে পারে। ঘরের তাপমাত্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে রাখা চা পুনরায় গরম করে পান করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
বারবার চা গরম করলে এর মধ্যে থাকা ট্যানিন বেশি মাত্রায় বেরিয়ে আসে, যা চায়ের স্বাদ তেতো করে দেয়। এছাড়া দীর্ঘক্ষণ ফুটিয়ে রাখলে চায়ের উপকারী উপাদানগুলোও নষ্ট হয়ে যায়। এমন চা পান করলে পেটব্যথা, বমি ভাব এবং হজমের মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে দীর্ঘক্ষণ ফেলে রাখা চা পুনরায় গরম করে খাওয়ার অভ্যাস এড়িয়ে চলাই শ্রেয়।