২২ কেজি সোনা-রুপোর গয়নায় সেজে উঠল কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমা

কৃষ্ণনগরের চাষাপাড়ার ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো এ বছর ২৫৪ বছরে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবারও ‘বুড়িমা’র রূপ দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত। দেবীকে সাজাতে ব্যবহার করা হয়েছে ৭২টি বেনারসি শাড়ি এবং প্রায় ২২ কেজি সোনা ও রুপোর গয়না। এমনকি দেবীর বাহন সিংহকেও সোনার মুকুট ও অলঙ্কারে সজ্জিত করা হয়েছে। ভক্তদের বিশ্বাস, মানত পূরণ হলে তাঁরা এই গয়না নিবেদন করেন, যা বছরের পর বছর ধরে মায়ের সাজের অংশ হয়ে উঠেছে।
পুজো উপলক্ষে মহাভোগের আয়োজন করেছে কর্তৃপক্ষ। জনশ্রুতি অনুযায়ী, মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শুরু হওয়া এই পুজোয় এবার ১৫০০ কুইন্টাল চাল ও ১২০০ কুইন্টাল ঘি দিয়ে ভোগ প্রস্তুত করা হচ্ছে। প্রসাদ বিতরণের জন্য পৃথক দুটি স্থান নির্ধারণ করা হয়েছে এবং কুপনের মাধ্যমে অন্নভোগ ও সন্দেশ ভোগের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি, বিনামূল্যে ‘অন্নমহোৎসব’-এর মাধ্যমেও ভক্তদের প্রসাদ গ্রহণের সুযোগ থাকছে।
পুজো কমিটির সভাপতি বিনীলকুমার ঘোষ জানিয়েছেন, এবার থেকে ভক্তদের জন্য মন্দিরে প্রায় ২০ কেজি ওজনের অষ্টধাতুর চরণযুগল স্থাপন করা হচ্ছে। এর ফলে সারা বছর সকাল-সন্ধ্যা দু’বেলা ভক্তরা মায়ের চরণে পুজো ও দর্শনের সুযোগ পাবেন। বুধবার নবমী তিথিতে পুজো ও পুষ্পাঞ্জলি সম্পন্ন হচ্ছে। বৃহস্পতিবার দশমীর দিন প্রথা মেনে ভক্তদের কাঁধে চড়েই বিসর্জনের পথে যাত্রা করবেন বুড়িমা এবং জলঙ্গির ঘাটে তাঁর নিরঞ্জন সম্পন্ন হবে।