বেঙ্গালুরুতে হারিয়ে যাওয়া পোষ্যকে সারারাত আগলে রাখলেন ডেলিভারি কর্মী

বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টির রাতে হারিয়ে যাওয়া একটি পোষ্য সারমেয়কে উদ্ধার করে নজির গড়লেন ব্লিঙ্কিট সংস্থার এক ডেলিভারি কর্মী। সাগর সাগু নামের ওই কর্মী কুকুরটিকে রাস্তায় অসহায় অবস্থায় খুঁজে পাওয়ার পর নিজের বাড়িতে নিয়ে যান। সারারাত পরম যত্নে ও ভালোবাসায় পোষ্যটিকে আগলে রাখেন তিনি। পরদিন সকালে ডিউটিতে আসার সময় কুকুরটিকে নিজের সঙ্গে অফিসে নিয়ে আসেন সাগর।
পোষ্যটির মালিক ভিন পালাট জানিয়েছেন, শনিবার রাতে প্রবল বৃষ্টির সময় রাস্তার কুকুরদের তাড়া খেয়ে তাঁর পোষ্য ‘জেনা’ বাড়ি থেকে পালিয়ে যায়। ইন্দিরানগরের বিভিন্ন এলাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে সোশ্যাল মিডিয়া ও স্থানীয় নিরাপত্তারক্ষীর সহায়তায় তাঁরা জানতে পারেন, সাগর কুকুরটিকে উদ্ধার করেছেন। সিএমএইচ রোডের ব্লিঙ্কিট অফিসে গিয়ে ভিন তাঁর প্রিয় পোষ্যকে সুস্থ অবস্থায় ফিরে পান।
প্রিয় পোষ্যকে ফিরে পেয়ে ভিনের পরিবার সাগরকে কৃতজ্ঞতাস্বরূপ অর্থ ও উপহার দিতে চাইলে তিনি তা সবিনয়ে ফিরিয়ে দেন। এই মানবিক ঘটনার কথা ভিন তাঁর লিঙ্কডইন প্রোফাইলে বিস্তারিতভাবে শেয়ার করেছেন। তিনি জানান, সাগরের এই নিঃস্বার্থ সাহায্য কেবল একটি কুকুরকে উদ্ধার করা নয়, বরং পরিবারের এক সদস্যকে নিরাপদে ফিরিয়ে দেওয়া। ব্লিঙ্কিটের ওই কর্মীর এমন মানবিকতায় মুগ্ধ নেটিজেনরা।