বালুরঘাট জেলা হাসপাতালে ৩০ ঘণ্টা জল নেই, চরম দুর্ভোগে রোগী ও স্বাস্থ্যকর্মীরা

বালুরঘাট জেলা হাসপাতালে ৩০ ঘণ্টা জল নেই, চরম দুর্ভোগে রোগী ও স্বাস্থ্যকর্মীরা

বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনে গত ৩০ ঘণ্টা ধরে জল সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে পিএইচই-র জলের মেশিন বিকল হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সূত্রপাত হয়। হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন ওয়ার্ড, ডায়ালিসিস এবং সিসিইউ-র মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে জল না থাকায় রোগী ও তাঁদের পরিজনরা চরম সংকটে পড়েছেন। শৌচালয়ে জল না থাকায় সেখানে জমে থাকা নোংরা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা রোগীদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জলের মেশিনের কয়েল পুড়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। স্থানীয়ভাবে মেরামতির চেষ্টা ব্যর্থ হওয়ায় মালদা থেকে বিশেষজ্ঞ টেকনিশিয়ানদের ডাকা হয়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত একটি মেশিন সারাই করা সম্ভব হলেও অন্যটি অকেজো থাকায় জল সংকট পুরোপুরি কাটেনি। পরিস্থিতি সামাল দিতে পুরসভার পক্ষ থেকে দুদিনে মোট নয়টি জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে এবং প্রয়োজনে আরও ট্যাঙ্ক পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে।

জলের অভাবে হাসপাতালের স্বাস্থ্যবিধি বজায় রাখা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। রোগীদের চিকিৎসার পর হাত ধোয়ার মতো ন্যূনতম জলটুকুও না মেলায় স্বাস্থ্যকর্মীরাও কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। পুরনো ভবনের পাশাপাশি নার্সিং ট্রেনিং স্কুল, ডাক্তার কোয়ার্টার ও মানসিক বিভাগেও জল সরবরাহ ব্যাহত হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, রাতের মধ্যেই বাকি মেশিনটি চালু করে জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *