গঙ্গাসাগর মেলায় মাছ বিক্রি বন্ধের যৌক্তিকতা নেই, মত জুনা আখড়ার মহারাজের

গঙ্গাসাগর মেলায় মাছ বিক্রি বন্ধের যৌক্তিকতা নেই, মত জুনা আখড়ার মহারাজের

গঙ্গাসাগর মেলা চলাকালীন মেলা চত্বরে মাছ বিক্রি বন্ধ রাখা নিয়ে সম্প্রতি যে জল্পনা তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে ভিন্ন ও প্রগতিশীল মত পোষণ করলেন মহামণ্ডলেশ্বর স্বামী প্রবধানন্দজি মহারাজ। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলার মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে মাছ ও ভাত ওতপ্রোতভাবে জড়িত। তাই মেলায় মাছ বিক্রি বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই। সনাতন ধর্মের সঙ্গে মাছ খাওয়ার বিষয়টিকে গুলিয়ে ফেলা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন।

মহারাজ আরও বলেন, উপকূলবর্তী অঞ্চলের বহু মানুষের প্রধান জীবিকা মাছ ধরা। তাই হঠাৎ মাছ বিক্রি বন্ধ করলে সাধারণ মানুষের রুজি-রুটিতে বড় ধাক্কা লাগবে। তিনি প্রশ্ন তোলেন, মাছ বিক্রি হলে মেলা দূষিত হবে কেন? ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি মানুষের বেঁচে থাকার অধিকার এবং দীর্ঘদিনের সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। বহু দেব-দেবীর ভোগেও আমিষের ব্যবহার রয়েছে, তাই এই বিষয়ে অযথা বিতর্ক কাম্য নয়।

গঙ্গাসাগরে পুণ্যস্নান ও কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার পর মহারাজ আগামী গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে সাধু-সন্তদের সঙ্গে বৈঠক করেন। ২০২৭ সালের গঙ্গাসাগর মেলা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। কুম্ভ মেলার সমতুল্য এই পুণ্যভূমিতে আগামী দিনে দেশ-বিদেশের তীর্থযাত্রীদের সমাগম বিগত বছরের তুলনায় দ্বিগুণ হবে বলেই তিনি মনে করছেন। মেলাটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রশাসনিক উদ্যোগকেও তিনি স্বাগত জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *