বিবাহবিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রী পুনরায় বিয়ে করলে খোরপোশ কি বন্ধ করা যায়? কী বলছে আইন?

ভারতীয় আইন অনুযায়ী, বিবাহবিচ্ছেদের পর আর্থিকভাবে স্বনির্ভর নন এমন স্ত্রীকে ভরণপোষণ বা খোরপোশ দেওয়ার নিয়ম রয়েছে। তবে প্রাক্তন স্ত্রী পুনরায় বিয়ে করলে তিনি সাধারণত প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোশ পাওয়ার অধিকার হারান। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৪৪ নম্বর ধারা এবং হিন্দু বিবাহ আইনের ২৫ নম্বর ধারা অনুযায়ী, স্ত্রী দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলে আদালত খোরপোশের নির্দেশ বাতিল বা সংশোধন করতে পারে। তবে বিয়ে করলেই স্বয়ংক্রিয়ভাবে খোরপোশ বন্ধ হয়ে যায় না।
প্রাক্তন স্বামীকে আদালতের দ্বারস্থ হয়ে স্ত্রীর পুনর্বিবাহের প্রমাণ জমা দিতে হয়। বিয়ের শংসাপত্র, ছবি বা অন্যান্য নথির মাধ্যমে প্রমাণ দাখিল করে আদালতের আনুষ্ঠানিক নির্দেশ নিতে হয়। আদালতের নির্দেশ ছাড়া নিজে থেকে খোরপোশ দেওয়া বন্ধ করলে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। যদি কোনো মহিলা পুনর্বিবাহের তথ্য গোপন করে খোরপোশ নিতে থাকেন, তবে প্রাক্তন স্বামী আদালতের কাছে সেই টাকা ফেরত চাওয়ার আবেদনও জানাতে পারেন।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, দ্বিতীয় বিয়ের সম্পর্ক ভেঙে গেলেও বা দ্বিতীয় স্বামীর মৃত্যু হলেও প্রথম স্বামীর কাছ থেকে খোরপোশ পাওয়ার অধিকার আর নতুন করে ফিরে পাওয়া যায় না। তবে স্ত্রীর পুনর্বিবাহের বিষয়টি সন্তানের খোরপোশের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও জীবনযাপনের খরচ বহনের আইনি দায়িত্ব তার বায়োলজিক্যাল বাবার ওপরই থাকে। আদালতের নির্দেশ অনুযায়ী সন্তানের খোরপোশের পরিমাণ নির্ধারিত হয় এবং তা অব্যাহত থাকে।