চেন্নাইয়ে ঘুমন্ত নাবালিকাকে নিয়ে গাড়ি চুরি, ২৩০ কিমি দূরে উদ্ধার কিশোরী

চেন্নাইয়ের গুডুভানচেরির কাছে এক ভয়াবহ চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। রবিবার রাতে ভালানচেরির একটি রেস্তোরাঁর সামনে বাবা-মা তাঁদের গাড়ি পার্ক করে ভেতরে খাবার খেতে যান। সেই সময় গাড়ির পেছনের সিটে ১২ বছর বয়সি নাবালিকা ঘুমিয়ে ছিল। বাবা-মা ফিরে এসে দেখেন গাড়ি ও মেয়ে দুজনেই নিখোঁজ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং গুডুভানচেরি থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ ঘটনার তদন্তে নেমে বিশেষ দল গঠন করে। সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ মায়িলাদুথুরাই জেলার সিরকাজিতে নতুন বাসস্ট্যান্ডের কাছে গাড়ি থেকে পালিয়ে যায় ওই নাবালিকা। সে স্থানীয় অটোরিকশা চালকদের কাছে গিয়ে অপহরণের কথা জানায়। চালকরা তাকে উদ্ধার করে সিরকাজি সর্ব-মহিলা পুলিশ স্টেশনে নিয়ে যান। পরে পুলিশ নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে নিরাপদে তাদের হাতে তুলে দেয়।
পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। নাবালিকা গাড়ি থেকে নেমে যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তি গাড়িটি নিয়ে পালিয়ে যায়, তবে পরে পুলিশ তাকে ধরে ফেলে। অভিযুক্তের উদ্দেশ্য কী ছিল এবং সে কেন নাবালিকাকে নিয়ে ২৩০ কিলোমিটার পথ পাড়ি দিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছেন এবং এই অপরাধের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে।