১১ হাজার টাকার জ্যাকেট ৪৬ মিনিটেই ছিঁড়ে যাওয়ায় বিক্রেতাকে ৩১ হাজার টাকা জরিমানার নির্দেশ

চণ্ডীগড়ের এক ক্রেতা গত বছরের ২৫ ডিসেম্বর একটি শপিং মল থেকে ১০,৯৯৯ টাকা মূল্যের একটি জ্যাকেট কেনেন। নতুন বছরের ১ জানুয়ারি জ্যাকেটটি পরার মাত্র ৪৬ মিনিটের মধ্যেই সেটির হাতার নিচের অংশ ছিঁড়ে যায়। ক্রেতা বিষয়টি ১০ জানুয়ারি দোকান কর্তৃপক্ষকে ইমেলের মাধ্যমে জানান এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। তবে দোকান কর্তৃপক্ষ অভিযোগটি নাকচ করে দাবি করে যে, ক্রেতার অসাবধানতার কারণেই জ্যাকেটটি ছিঁড়েছে এবং এতে কোনো উৎপাদনগত ত্রুটি নেই।
দোকান কর্তৃপক্ষের এই দাবির প্রেক্ষিতে ক্রেতা চণ্ডীগড় জেলা ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন। শুনানির সময় কমিশন জানায়, কেবল ক্রেতার অসাবধানতার কথা বললেই তা প্রমাণিত হয় না। দোকান কর্তৃপক্ষ তাদের দাবির সপক্ষে কোনো বিশেষজ্ঞের মতামত বা সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। কমিশন আরও উল্লেখ করে যে, জ্যাকেটের যে অংশটি ছিঁড়েছে তা সহজে চোখে পড়ার মতো নয়, তাই বিক্রেতা দায় এড়াতে পারেন না।
উপভোক্তা সুরক্ষা আইন, ২০১৯-এর আওতায় ক্রেতার স্বার্থ রক্ষা করে কমিশন এই রায় প্রদান করে। শুনানির শেষে ক্রেতা সুরক্ষা কমিশন দোকান মালিককে জ্যাকেটের মূল্য বাবদ ১১ হাজার টাকা এবং হয়রানি ও আইনি খরচ বাবদ আরও ২০ হাজার টাকা, অর্থাৎ মোট ৩১ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে ক্রেতাকে প্রদানের নির্দেশ দিয়েছে।