দুর্গাপুরে সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, জখম বিজেপি কর্মী ও অভিযুক্ত

দুর্গাপুরের মহানন্দা কলোনিতে সরকারি জমি দখলকে কেন্দ্র করে সোমবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে অভিযোগ, আশ্রম তৈরির নাম করে দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ ও তা ভাড়া দেওয়ার কাজ চালাচ্ছিলেন কুমারেশ সাহা। সোমবার রাতে ফের জমি দখলের কাজ শুরু হলে স্থানীয় বিজেপি কর্মী সমীর সরকার তার প্রতিবাদ করেন। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়, যার ফলে সমীরবাবুর দুই হাতে গুরুতর আঘাত লাগে।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন অভিযুক্ত কুমারেশ সাহাও। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকেই উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা।
আহত বিজেপি কর্মী সমীর সরকারের অভিযোগ, সরকারি জমি দখলের প্রতিবাদ করায় তাঁর ওপর এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কুমারেশ সাহা। তিনি পাল্টা দাবি করেছেন যে, প্রথমে তাঁর ওপরই আক্রমণ করা হয়েছিল এবং আত্মরক্ষার তাগিদে তিনি প্রতিরোধ করেছেন। এসিপি সুবীর রায় জানিয়েছেন, ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।