সুরক্ষায় বাজিমাত হুন্ডাই ভার্নার, ক্র্যাশ টেস্টে পেল পাঁচ তারা রেটিং

নিরাপত্তার নিরিখে নতুন হুন্ডাই ভার্না সেডান গাড়িটি গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে পাঁচ তারা রেটিং অর্জন করেছে। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষা পরীক্ষায় ৩২-এর মধ্যে ২৮.২২ পয়েন্ট এবং শিশুদের সুরক্ষা পরীক্ষায় ৪৯-এর মধ্যে ৪৪ পয়েন্ট সংগ্রহ করেছে এই গাড়ি। ভার্নার এইচএক্স ৮ ১.৫ লিটার টার্বো পেট্রোল ডিসিটি এবং ১.৫ লিটার পেট্রোল সিভিটি ভ্যারিয়েন্ট এই পরীক্ষার জন্য ব্যবহৃত হলেও, এই রেটিং গাড়ির সব ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য।
প্রাপ্তবয়স্কদের সুরক্ষা মূল্যায়নে ফ্রন্টাল অফসেট ক্র্যাশ টেস্টে চালকের মাথা ও ঘাড়ের সুরক্ষা ভালো পাওয়া গেছে। সাইড পোল ইমপ্যাক্ট টেস্টে শরীরের সব অংশে ভালো সুরক্ষা নিশ্চিত করেছে গাড়িটি। শিশুদের সুরক্ষার ক্ষেত্রে ১৮ মাস ও ৩ বছর বয়সী শিশুর ডামি নিয়ে পরীক্ষায় গাড়িটি দারুণ সাফল্য দেখিয়েছে। ডায়নামিক চাইল্ড প্রোটেকশন এবং চাইল্ড সিট ফিট করার পরীক্ষায় গাড়িটি পূর্ণ নম্বর অর্জন করেছে।
নিরাপত্তা ফিচারের দিক থেকে নতুন ভার্না অত্যন্ত সমৃদ্ধ। এতে ২০টি ফিচারসহ হুন্ডাই স্মার্ট সেন্স লেভেল ২ অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) যুক্ত করা হয়েছে। গাড়িতে সাতটি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, হিল স্টার্ট অ্যাসিস্ট, এবিএস এবং ইবিডি রয়েছে। এছাড়াও ড্যাশক্যাম, রেইন সেন্সিং ওয়াইপার, চার চাকাতেই ডিস্ক ব্রেক, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, ব্লাইন্ড স্পট ভিউ মনিটর, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম এবং আইএসওফিক্স চাইল্ড সিট অ্যাঙ্কর-এর মতো আধুনিক সুবিধা এতে দেওয়া হয়েছে।