দামি উপহারের প্রলোভন দেখিয়ে সাড়ে ১৪ লাখ টাকা প্রতারণা, ভাদোদরায় দায়ের অভিযোগ

গুজরাটের ভাদোদরা জেলার ওয়াঘোদিয়া এলাকার এক বাসিন্দা সাইবার প্রতারণার শিকার হয়েছেন। ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া এক ব্যক্তির প্রলোভনে পড়ে ওই মহিলা সাড়ে ১৪ লাখ টাকা খুইয়েছেন। ভাদোদরা থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নিজেকে ব্রিটেনের ব্যবসায়ী ও কাস্টমস অফিসার হিসেবে পরিচয় দিয়েছিলেন। গত অগস্ট মাসে ফেসবুকের মাধ্যমে তাঁদের পরিচয় হয় এবং পরবর্তীতে হোয়াটসঅ্যাপে কথাবার্তা শুরু হয়।
অভিযোগকারী মহিলার দাবি, অভিযুক্ত ব্যক্তি তাঁকে জানান যে তিনি নতুন ব্যবসা শুরু করেছেন এবং মহিলা তাঁর জন্য অত্যন্ত ভাগ্যবতী। এই অছিলায় তিনি মহিলাকে একটি দামি উপহার ও গয়না পাঠানোর প্রতিশ্রুতি দেন। উপহার পাঠানোর নাম করে প্রথমে মহিলার কাছ থেকে আধার কার্ডের ছবি নেওয়া হয়। এরপর অন্য এক ব্যক্তি ফোন করে জানায় যে ব্রিটেন থেকে আসা পার্সেলটি ছাড়ানোর জন্য ডেলিভারি চার্জ ও অন্যান্য কর বাবদ টাকা প্রয়োজন।
গত ২১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন অজুহাতে ওই মহিলার কাছ থেকে মোট সাড়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। কিউআর কোডের মাধ্যমে এই টাকা লেনদেন করা হয়েছিল। টাকা পাঠানোর পরেও পার্সেল না পৌঁছানোয় প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে ভাদোদরা পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।