তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদ নিয়ে মমতা ও ঋতব্রতকে নোটিস নির্বাচন কমিশনের

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিবাদ নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কেই নোটিস পাঠিয়েছে কমিশন। গত ১৯ নভেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে এই নোটিস জারি করা হয়েছে। নির্বাচনী প্রতীক সংরক্ষণ ও বরাদ্দ সংক্রান্ত বিধির ১৫ নম্বর অনুচ্ছেদের আওতায় এই শুনানি অনুষ্ঠিত হবে। কোনো স্বীকৃত রাজনৈতিক দলে বিভাজন দেখা দিলে বা দলের নাম ও প্রতীকের ওপর একাধিক গোষ্ঠী দাবি জানালে কমিশন এই ধারায় শুনানি করে থাকে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, এই শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সশরীরে উপস্থিত থাকার বাধ্যবাধকতা রাখা হয়নি। তাঁরা চাইলে নিজেদের আইনজীবীর মাধ্যমেও বক্তব্য পেশ করতে পারবেন। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক কী দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছেন, তা চিঠিতে বিস্তারিত জানানো হয়নি। উভয় পক্ষের যুক্তি ও নথিপত্র খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ এখতিয়ার রয়েছে নির্বাচন কমিশনের।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ছাড়াও মেঘালয় ও ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস একটি স্বীকৃত রাজনৈতিক দল। ফলে এই বিবাদ ঘিরে নির্বাচন কমিশনের পদক্ষেপ রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। আগামী শুক্রবার এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুনানিতে কী অবস্থান নেন এবং নিজেদের দাবির সপক্ষে কী যুক্তি তুলে ধরেন, সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।