দুর্নীতি দমন কমিশনে কর্মী সংকট, কলকাতা পুলিশের কাছে সাহায্য চাইল কমিশন

দুর্নীতি দমন কমিশনে বিভিন্ন পদে কর্মী ঘাটতি মেটাতে কলকাতা পুলিশের সহযোগিতা চাইল কমিশন। এই বিষয়ে আলোচনার জন্য বুধবার কলকাতা পুলিশ কমিশনারকে তলব করেছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। মূলত তদন্তের গতি বজায় রাখতে এবং প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিসার ও কর্মী চেয়ে এই বৈঠক করা হয়েছে বলে জানা গিয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে সেখানে কর্মী সংকট প্রকট। ডিএসপি পদে ৪ জনের জায়গায় রয়েছেন মাত্র ১ জন এবং ইন্সপেক্টর পদে ৪ জনের জায়গায় কর্মরত রয়েছেন ২ জন। এছাড়া সাব-ইন্সপেক্টর পদে ১ জনের ঘাটতি রয়েছে এবং কনস্টেবল পদে ১০ জনের জায়গায় রয়েছেন মাত্র ১ জন। পাশাপাশি, কমিশনের কাজের প্রয়োজনে আরও ২ জন এসপি এবং ১ জন আইজি পদের আধিকারিক প্রয়োজন বলে জানানো হয়েছে।
অন্যদিকে, প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির নতুন অভিযোগ সামনে এসেছে। রাজ্য সরকার গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশনে এই অভিযোগ জমা পড়েছে। অভিযোগ অনুযায়ী, বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন পুরস্কার প্রদান এবং বই ছাপানোর ক্ষেত্রে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রে খবর পাওয়া গিয়েছে।