এআই প্রযুক্তি ও সরবরাহ শৃঙ্খল সুরক্ষায় ভারতের বড় পদক্ষেপ, যোগ দিল আন্তর্জাতিক চুক্তিতে

বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খলকে সুরক্ষিত রাখতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের প্রভাবশালী দেশগুলো একজোট হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ‘সান ফ্রান্সিসকো ডিক্লারেশন অন দ্য সিকিউর ফাউন্ডেশনস অফ এনডিউরিং প্রসপারিটি’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে ভারত আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই চুক্তিতে ভারত ছাড়াও জাপান, অস্ট্রেলিয়া, ইজরায়েল, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত যুক্ত হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস এবং ইউরোপীয় কমিশনের এই জোটে শামিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
মূলত উন্নত এআই চিপ এবং এনভিডিয়ার তৈরি শক্তিশালী সেমিকন্ডাক্টর ও প্রসেসর চিনে পাচার হওয়া নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের প্রেক্ষিতে এই চুক্তির রূপরেখা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ম ভেঙে চিনে উন্নত চিপ পাচারকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের এই চুক্তিতে অংশগ্রহণকে অত্যন্ত কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এই আন্তর্জাতিক উদ্যোগের মূল লক্ষ্য হলো বৈশ্বিক এআই সরবরাহ শৃঙ্খলকে আরও স্থিতিস্থাপক করে তোলা। এর মাধ্যমে চিনের একচ্ছত্র নিয়ন্ত্রণে থাকা উৎপাদন ও সরবরাহ কেন্দ্রগুলোর ওপর বিশ্বের অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর চেষ্টা করা হচ্ছে। এনভিডিয়া সংক্রান্ত বর্তমান সংকটের জেরে প্রযুক্তির দুনিয়ায় যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তাতে আগামী দিনে বিশ্ব বাণিজ্যে চিন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।