বকেয়া কর ও অতিরিক্ত ফিতে ছাড়, বাণিজ্যিক গাড়ির মালিকদের জন্য বিশেষ প্রকল্প পরিবহণ দফতরের

বকেয়া কর ও অতিরিক্ত ফিতে ছাড়, বাণিজ্যিক গাড়ির মালিকদের জন্য বিশেষ প্রকল্প পরিবহণ দফতরের

রাজ্যের বাণিজ্যিক যানবাহনের মালিকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা করল পরিবহণ দফতর। বকেয়া কর ও অতিরিক্ত ফি মকুবের লক্ষ্যে ‘ওয়ান টাইম ওয়েভার স্কিম ২০২৬-২৭’ চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া কর পরিশোধ করলে জরিমানার সম্পূর্ণ ১০০ শতাংশ মকুব করা হবে। পাশাপাশি, সময়মতো ফিটনেস সার্টিফিকেট বা সিএফ পুনর্নবীকরণ না করার ক্ষেত্রে ধার্য অতিরিক্ত ফিতেও আংশিক ছাড়ের সুবিধা মিলবে।

পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের বহু বাণিজ্যিক গাড়ির মালিক দীর্ঘদিন ধরে রোড ট্যাক্স জমা দেননি বা বৈধ সিএফ নেই। অর্থাভাবে কর দিতে না পেরে অনেক মালিক গাড়ি বসিয়ে দিতে বাধ্য হয়েছেন। এই নতুন প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন বকেয়া রাজস্ব আদায়ের পথ সুগম হবে, তেমনই অন্যদিকে গাড়ি মালিকরা বাড়তি জরিমানার বোঝা থেকে রেহাই পাবেন। মূলত গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ এবং সময়মতো কর ও ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণে মালিকদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে বাণিজ্যিক যানবাহনের রোড ট্যাক্স জমা না পড়ায় রাজকোষে বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া পড়ে ছিল, যা দফতরের প্রশাসনিক ও পরিকাঠামোগত কাজে সমস্যার সৃষ্টি করছিল। নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্যিক যানবাহনের মালিকরা বকেয়া কর পরিশোধ ও সিএফ নবীকরণের আবেদন করলে এই বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে বকেয়া রাজস্ব আদায়ের পাশাপাশি গাড়ি মালিকদের আর্থিক স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *