শীতের জন্য বন্ধ হল চমোলির লাটু দেবতার মন্দির, আগামী ছয় মাস গর্ভগৃহে প্রবেশ নিষেধ

উত্তরাখণ্ডের চমোলি জেলার বিখ্যাত লাটু দেবতার মন্দিরের দরজা শীতকালের জন্য বন্ধ করা হয়েছে। দীর্ঘ ছয় মাসের জন্য এই মন্দির ভক্তদের দর্শনের জন্য বন্ধ থাকবে। মন্দির বন্ধ হওয়ার প্রাক্কালে সকাল থেকেই মন্দির চত্বরে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এই বিশেষ দিনে পুজো, যজ্ঞ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় গ্রামবাসী এবং দূরদূরান্ত থেকে আসা ভক্তরা লাটু দেবতাকে ভোগ নিবেদন করে এলাকার সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ বিষ্ট জানিয়েছেন, দীর্ঘদিনের ধর্মীয় পরম্পরা মেনেই শীতের জন্য মন্দিরের দরজা বন্ধ করা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মন্দিরের গর্ভগৃহে নাগমণি রয়েছে। এই রীতি মেনে মন্দিরের প্রধান পুরোহিত চোখে কাপড় বেঁধে গর্ভগৃহে প্রবেশ করেন। পুরোহিত ছাড়া অন্য কারও গর্ভগৃহে প্রবেশের অনুমতি নেই। সাধারণ ভক্তরা প্রায় ১২ মিটার দূর থেকেই দেবতার দর্শন ও পুজো সম্পন্ন করেন।
লাটুধাম মা নন্দা দেবীর ধর্মীয় পরম্পরা এবং নন্দা দেবী রাজযাত্রার সঙ্গে বিশেষভাবে যুক্ত। স্থানীয়দের মতে, লাটু দেবতার প্রতি মানুষের গভীর আস্থা রয়েছে এবং আন্তরিক মনে পুজো করলে ভক্তদের মনোস্কামনা পূর্ণ হয়। আগামী ছয় মাস মন্দির বন্ধ থাকার পর, সামনের বছর বৈশাখ পূর্ণিমার সময় ভক্তদের জন্য মন্দিরের দরজা পুনরায় খুলে দেওয়া হবে। এই ধর্মীয় আয়োজনে কয়েকশো ভক্ত অংশ নিয়েছিলেন এবং গ্রাম প্রধান নন্দুলি দেবী জানিয়েছেন যে, সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।