পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সিআইএসএফ জওয়ান ও চার স্কুল পড়ুয়া

ছুটিতে বাড়ি ফিরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সিআইএসএফ জওয়ান দিগ্বিজয়সিংহ। দিল্লি মেট্রোয় কর্মরত ওই জওয়ান ১০ দিনের ছুটিতে নিজের বাড়ি মালিয়া হাটিনায় এসেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পেট্রল পাম্পের কাছে অন্য একটি বাইকের সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় অপর বাইকে থাকা দু’জন গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত বাইক চালক রাজবীর বালগারিয়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও মোটর ভেহিক্ল্স অ্যাক্টের ধারায় মামলা রুজু করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, উত্তরপ্রদেশের কনৌজে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার স্কুল পড়ুয়া। কৌশাম্বীর ওরিয়েন্টাল পাবলিক স্কুলের একটি বাস তাজমহল ভ্রমণ শেষে ফেরার পথে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পিছন থেকে বাসটিতে সজোরে ধাক্কা মারে। বাসে থাকা ৫০ জনের মধ্যে ২৪ জন পড়ুয়া ও আটজন কর্মীসহ মোট ৩২ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। আহতদের দ্রুত অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চার পড়ুয়াকে মৃত ঘোষণা করেন। বাসের পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।