ফুলকপি নিয়ে বচসা ও হাতাহাতি, জোড়াবাগানে গ্রেপ্তার যুবক

ফুলকপি নিয়ে বচসা ও হাতাহাতি, জোড়াবাগানে গ্রেপ্তার যুবক

উত্তর কলকাতার জোড়াবাগান বাজারে একটি ফুলকপিকে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও এক যুবকের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়। জানা গেছে, শনিবার সকালে বাজারে সবজি কিনতে গিয়ে বুদ্ধদেব পোড়েল নামে মধ্য চল্লিশের এক ব্যক্তি একটি ফুলকপির দাম নিয়ে বিক্রেতার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, দরদাম করার সময় সুযোগ বুঝে ওই যুবক একটি ফুলকপি নিজের ব্যাগে ভরে নেওয়ার চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্রেতা ও ওই যুবকের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

বিক্রেতার অভিযোগ, হাতাহাতির সময় ওই যুবক তাঁকে মারধর করেন, যার ফলে তাঁর নাক ফেটে যায়। ঘটনার পর ওই যুবক দ্রুত বাজার থেকে পালিয়ে যান। এরপরই ওই ব্যবসায়ী জোড়াবাগান থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করে।

সোমবার অভিযুক্ত বুদ্ধদেব পোড়েল নিজেই জোড়াবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ব্যাঙ্কশাল আদালতে হাজির করায়। বিচারক অভিযুক্তকে ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। একটি ফুলকপিকে কেন্দ্র করে এমন অপ্রীতিকর ঘটনা ও আইনি জটিলতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের পরিবারের দাবি, সামান্য একটি সবজির জন্য এমন কঠোর আইনি পদক্ষেপের বিষয়টি অপ্রত্যাশিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *