ভারত সফরে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন, যোগ দেবেন আর্থশট প্রাইজ অনুষ্ঠানে

ভারত সফরে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন, যোগ দেবেন আর্থশট প্রাইজ অনুষ্ঠানে

সোমবার মুম্বইয়ে এসে পৌঁছাচ্ছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথেরিন। তাঁদের এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার মুম্বইয়ে আয়োজিত ষষ্ঠ ‘আর্থশট প্রাইজ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। এরপর বুধবার দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে রাজকীয় দম্পতির।

ব্রিটিশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, এই সফরে উদ্ভাবন, সৃজনশীলতা এবং পরিবেশবান্ধব উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নগর পরিবহণ, পরিবেশবান্ধব উৎপাদন এবং তরুণ প্রজন্মের নেতৃত্বে পরিবেশ রক্ষার মতো বিষয়গুলো তাঁদের সফরের মূল আলোচ্য। এছাড়া ক্রিকেট, ফ্যাশন ও সিনেমার মাধ্যমে ভারত ও ব্রিটেনের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্ককেও তুলে ধরা হবে এই সফরে।

উল্লেখ্য, আর্থশট প্রাইজ জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, সমুদ্র সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা উদ্ভাবনী উদ্যোগগুলোকে স্বীকৃতি দেয়। প্রতি বছর পাঁচজন বিজয়ীকে ১০ লক্ষ পাউন্ড করে পুরস্কার দেওয়া হয়। ব্রিটিশ প্রতিনিধিদের মতে, জলবায়ু ও পরিচ্ছন্ন জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা দুই দেশের ‘ভিশন ২০৩৫’ অংশীদারিত্বের অন্যতম প্রধান স্তম্ভ। প্রযুক্তি, বিনিয়োগ, শিক্ষা ও নিরাপত্তার মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *