সংবাদমাধ্যমের স্টিকার লাগানো গাড়িতে গাঁজা পাচার, মুর্শিদাবাদে ধৃত ২

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সংবাদমাধ্যমের স্টিকার লাগানো একটি বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ১২ নম্বর জাতীয় সড়কের জয়কৃষ্ণপুর জল ট্যাঙ্কি মোড়ে নাকা তল্লাশি চালায় পুলিশ। সেই সময় সন্দেহজনক ওই এক্সইউভি গাড়িটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতর থেকে প্রায় ৬১ কেজি ৬০০ গ্রাম উন্নত মানের গাঁজা উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এই মাদকের মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
এই ঘটনায় রাশিদুল শেখ ও নূর হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত রাশিদুলের বাড়ি মালদহের গাজল এলাকায় এবং নূর হোসেনের বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, পুলিশের নজরদারি এড়াতে তারা ইচ্ছাকৃতভাবে গাড়ির উইন্ড স্ক্রিনে সংবাদমাধ্যমের স্টিকার লাগিয়ে রেখেছিল। তবে ধৃতদের কাছ থেকে সংবাদমাধ্যমের কোনও বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, এতদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে গাঁজা পাচার হলেও, নজরদারি বাড়ায় পাচারকারীরা এখন ওড়িশা থেকে নতুন রুটে মাদক নিয়ে আসছে। ধৃতরা এর আগেও ওড়িশা থেকে মালদহে গাঁজা পাচার করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সেই সময়ও একই কায়দায় সংবাদমাধ্যমের স্টিকার ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার ধৃতদের আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।