অরুণাচল সীমান্তে উত্তেজনা প্রশমনে ফের বৈঠকে ভারত ও চিন

অরুণাচল সীমান্তে উত্তেজনা প্রশমনে ফের বৈঠকে ভারত ও চিন

অরুণাচল প্রদেশ সীমান্তে ভারত ও চিনের সেনার মধ্যে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি এড়াতে ফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর দীপাবলির পর শুরু হওয়া এই বৈঠক প্রায় ১০ দিন ধরে চলেছিল। বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর তিন নম্বর কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেনান্ট জেনারেল গিরিশ কালিয়া এবং চিনের শীর্ষ সামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিদেশ মন্ত্রকের আধিকারিকরাও এই আলোচনায় অংশ নেন।

প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী, দুই দেশের বাহিনীর মধ্যে সুস্পষ্ট আচরণবিধি নির্ধারণ করা এবং টহলদারি দলগুলির মধ্যে সংঘাত এড়ানোই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। শীতকালে ওই দুর্গম অঞ্চলে টহলদারি অত্যন্ত কঠিন হওয়ায় সীমান্তে চাপানউতোর নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষই সচেষ্ট। এর আগে গত সেপ্টেম্বর মাসে কিবিথু সেক্টরের ওয়াচা-দামাই পয়েন্টে দুই দেশের সামরিক কর্তাদের মধ্যে প্রথম দফার বৈঠক হয়েছিল।

উল্লেখ্য, গত মাসে অরুণাচল সীমান্তে ভারত ও চিনের মধ্যে উত্তেজনার বিষয়টি প্রকাশ্যে আসে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল জানিয়েছিলেন, চিন তাদের নির্ধারিত টহল দেওয়ার নিয়ম পরিবর্তন করায় সীমান্তে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। আইটিবিপি-র ডিজি শত্রুজিৎ কপূরও সম্প্রতি অরুণাচলে মুখোমুখি সংঘাতের পরিস্থিতির কথা উল্লেখ করেছিলেন। সেই প্রেক্ষাপটে দুই দেশের সামরিক স্তরে এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *