চন্দননগরে রেললাইন পেরিয়ে গঙ্গার ঘাটে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন

চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের এক অভিনব দৃশ্য প্রকাশ্যে এল। একটি বারোয়ারি পুজো কমিটির সদস্যরা বাঁশের খাঁচায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেললাইন ধরে হেঁটে নিয়ে যান। এরপর রেললাইন পেরিয়ে প্রতিমাটি পূর্ব পাড়ে নিয়ে গিয়ে লরিতে তোলা হয়। এই বিশেষ প্রক্রিয়ার সময় হাওড়া-বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল এবং নিরাপত্তার খাতিরে ওভারহেড তারের পাওয়ার অফ করে দেওয়া হয়।
প্রতিমা রেললাইন পার করার সময় চন্দননগর স্টেশন চত্বরে প্রচুর মানুষ ভিড় জমান। কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে রেল পুলিশ, চন্দননগর পুলিশ কমিশনারেট এবং প্রশাসনের আধিকারিকরা পুরো এলাকা দড়ি দিয়ে ঘিরে রেখেছিলেন। প্রশাসনের সহযোগিতায় অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিমা পারাপারের কাজ সম্পন্ন হয়। প্রতিমা রেললাইন পার হওয়ার পরই পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
উল্লেখ্য, চন্দননগরের জগদ্ধাত্রী বিসর্জনের শোভাযাত্রা বিশ্বজুড়ে সমাদৃত। প্রতি বছর এই শোভাযাত্রায় নতুনত্ব থাকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর দশমীর দিন শোভাযাত্রা হয়নি। আবহাওয়া অনুকূলে আসায় শনিবার দুপুর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে বরণ ও সিঁদুর খেলার পর বাজনা সহকারে প্রতিমা গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। রবিবার সন্ধ্যায় মূল শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।