ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, অমিতাভ বচ্চন ও কেবিসি-কে আইনি নোটিশ

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন এবং জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-কে ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে পঞ্জাবের সাঙ্গরুরের এক আইনজীবী অমিতাভ বচ্চন ও সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, কেবিসি-র মঞ্চে একটি প্রশ্নে পঞ্জাব রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে।
ভাইরাল হওয়া প্রায় দু’মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ১২ লক্ষ ৫০ হাজার টাকার একটি প্রশ্নে ভারতের কোন রাজ্যে পুলিশ স্টেশনে বোমা হামলার ঘটনা ঘটেছে তা জানতে চাওয়া হচ্ছে। বিকল্প হিসেবে চারটি রাজ্যের নাম দেওয়া হয়। ভিডিওটিতে দাবি করা হয়েছে, প্রতিযোগী লাইফলাইন ব্যবহারের পর অমিতাভ বচ্চন পঞ্জাবকে সঠিক উত্তর হিসেবে চিহ্নিত করেছেন। এই ঘটনায় রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা।
আইনজীবী তাঁর নোটিশে দাবি করেছেন, যদি ভিডিওটি অনুষ্ঠানের অংশ হয় তবে চ্যানেল কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং জাতীয় সংবাদমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে ফেলতে হবে। তবে ভিডিওটির সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অনেকের মতে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে তৈরি করা ভুয়ো ভিডিও হতে পারে। অমিতাভ বচ্চন বা চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।