ভারতে প্রথম: মায়ের গর্ভে ভ্রূণের জটিল অস্ত্রোপচার করে নজির চিকিৎসকদের

ভারতের চিকিৎসা ইতিহাসে এক অনন্য নজির গড়লেন চিকিৎসকরা। গর্ভাবস্থায় ভ্রূণের শরীরে থাকা একটি মারাত্মক জন্মগত ত্রুটি মায়ের গর্ভে থাকাকালীনই অস্ত্রোপচারের মাধ্যমে সারিয়ে তুলেছেন তারা। নিয়মিত পরীক্ষার সময় চিকিৎসকরা ভ্রূণের শিরদাঁড়ায় ‘মাইলোমেনিনগোসিলি’ নামক জটিল সমস্যার উপস্থিতি শনাক্ত করেন। এই ত্রুটির কারণে শিরদাঁড়ার অংশ এবং তার সুরক্ষামূলক আবরণ মেরুদণ্ডের ছিদ্রের বাইরে বেরিয়ে আসে।
সাধারণত জন্মের পর এই ধরনের ত্রুটি সংশোধনের জন্য অস্ত্রোপচার করা হয়, তবে তাতে স্নায়ুর মারাত্মক ক্ষতির ঝুঁকি থেকে যায়। এই ঝুঁকি এড়াতে চিকিৎসকরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে ‘ওপেন ফিটাল সার্জারি’ করার সিদ্ধান্ত নেন। অত্যন্ত নিখুঁত ও সতর্ক এই অস্ত্রোপচারের মাধ্যমে মায়ের গর্ভের ভেতরেই ভ্রূণের শিরদাঁড়ার ত্রুটি সংশোধন করা সম্ভব হয়েছে।
চিকিৎসা মহলের মতে, ভারতে ভ্রূণ দশায় এ ধরনের ওপেন সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এই ঐতিহাসিক সাফল্যের মাধ্যমে দেশের চিকিৎসকরা প্রমাণ করলেন যে, আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে জটিল থেকে জটিলতর জন্মগত রোগও এখন নিরাময় করা সম্ভব। এই অস্ত্রোপচার ভবিষ্যতে ভ্রূণের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করল।