সাইবার প্রতারণায় যোগসাজশের অভিযোগে বাঁকুড়ায় গ্রেফতার সিপিএম নেতা

বাঁকুড়ার জয়পুর থানা এলাকা থেকে সাইবার প্রতারণার অভিযোগে আলোক মিদ্যা নামে এক সিপিএম নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি জয়পুর ব্লকের টানাদিঘি গ্রামের বাসিন্দা। একসময় স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত আলোক মিদ্যা পরবর্তীকালে বালি ব্যবসার সঙ্গে যুক্ত হন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি নিজের নামে একটি সংস্থা খুলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বাণিজ্যিক অ্যাকাউন্ট খোলেন। দেশজুড়ে একাধিক সাইবার প্রতারণার ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই অ্যাকাউন্টের হদিস পায়। তদন্তকারীদের দাবি, ওই অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ২৫৩টি সাইবার প্রতারণার ঘটনার টাকা লেনদেন হয়েছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
অভিযানের সময় পুলিশ ধৃতের কাছ থেকে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি, চেক বুক, ডেবিট কার্ড এবং সংস্থার চুক্তিপত্র বাজেয়াপ্ত করেছে। রবিবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।