বিনামূল্যে পরিষেবা দিলেও কীভাবে বিপুল আয় করে গুগল?

বিনামূল্যে পরিষেবা দিলেও কীভাবে বিপুল আয় করে গুগল?

গুগল সার্চ বা জিমেইলের মতো পরিষেবা কোটি কোটি মানুষ বিনামূল্যে ব্যবহার করলেও, এই প্রযুক্তি জায়ান্টের আয়ের মূল উৎস হলো বিজ্ঞাপন। সার্চ রেজাল্টের শুরুতে যে বিজ্ঞাপনগুলো দেখা যায়, তার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলো গুগলকে অর্থ প্রদান করে। ব্যবহারকারীর সার্চের ধরন, আগ্রহ এবং ওয়েবসাইট দেখার অভ্যাসের ওপর ভিত্তি করে গুগল তাদের কাছে প্রাসঙ্গিক বিজ্ঞাপন পৌঁছে দেয়। এই প্রক্রিয়ায় বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো সহজেই সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারে, যা গুগলের আয়ের একটি বড় অংশ নিশ্চিত করে।

ইউটিউবও গুগলের আয়ের অন্যতম প্রধান মাধ্যম। ভিডিওর শুরুতে বা মাঝে দেখানো বিজ্ঞাপন থেকে কোম্পানিগুলো ইউটিউবকে অর্থ দেয়। এছাড়া ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমেও সংস্থাটি বিপুল আয় করে। বিজ্ঞাপন ছাড়াও গুগল ক্লাউড পরিষেবার মাধ্যমে বিভিন্ন কোম্পানি থেকে অর্থ উপার্জন করে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের ডেটা সুরক্ষা এবং অনলাইন পরিষেবার জন্য গুগল ক্লাউড ব্যবহার করে, যার বিনিময়ে তারা নির্দিষ্ট ফি প্রদান করে।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপ, গেম এবং ডিজিটাল কনটেন্ট কেনা বা সাবস্ক্রিপশনের মাধ্যমেও গুগলের আয়ের একটি অংশ আসে। এছাড়া জিমেইল, ড্রাইভ বা ডক্সের মতো পরিষেবার প্রফেশনাল সংস্করণ ‘গুগল ওয়ার্কস্পেস’ ব্যবহার করে বিভিন্ন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান। এই সাবস্ক্রিপশন মডেলে বাড়তি স্টোরেজ ও বিশেষ সুবিধার বিনিময়ে গুগল অর্থ উপার্জন করে। সব মিলিয়ে বিজ্ঞাপন, ক্লাউড পরিষেবা, অ্যাপ স্টোর এবং সাবস্ক্রিপশন ভিত্তিক ব্যবসার মাধ্যমেই গুগল তার বিশাল আয়ের পরিকাঠামো গড়ে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *