দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ ঘোষণা ইউজিসির, তালিকায় পশ্চিমবঙ্গের দুটি প্রতিষ্ঠান

দেশজুড়ে স্বীকৃতিহীন বা ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রতি বছরের মতো এবারও রাজ্যভিত্তিক এই তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ৩২টি প্রতিষ্ঠানকে ভুয়ো হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে দিল্লির ১২টি প্রতিষ্ঠান। এছাড়া উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরি, রাজস্থান, অরুণাচল প্রদেশ, হরিয়ানা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন প্রতিষ্ঠান এই তালিকায় স্থান পেয়েছে।
পশ্চিমবঙ্গের দুটি প্রতিষ্ঠানকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এবং ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। ইউজিসি স্পষ্ট জানিয়েছে, ১৯৫৬ সালের ইউজিসি আইনের আওতায় অনুমোদিত না হলে কোনো প্রতিষ্ঠানের ডিগ্রি উচ্চশিক্ষা বা কর্মক্ষেত্রে প্রবেশের জন্য বৈধ বলে গণ্য হবে না।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ইউজিসি জানিয়েছে, কোনো শিক্ষার্থী বা অভিভাবক যেন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে তার যথাযথ স্বীকৃতি রয়েছে কিনা তা যাচাই করে নেন। কমিশনের মতে, এই প্রতিষ্ঠানগুলি থেকে প্রাপ্ত ডিগ্রি কোনোভাবেই বৈধ নয়। শিক্ষার্থীদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এবং উচ্চশিক্ষার মান বজায় রাখতে কমিশন নিয়মিত এই তালিকা প্রকাশ করে থাকে।