মারুতি প্রকল্পে সোনিয়া গান্ধীর ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

মারুতি প্রকল্পে সোনিয়া গান্ধীর ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

সত্তরের দশকের মারুতি প্রকল্পকে কেন্দ্র করে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সামাজিক মাধ্যমে এক ধারাবাহিক পোস্টে তিনি দাবি করেছেন, সেই সময় বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও সোনিয়া গান্ধী ‘মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর এবং শেয়ারহোল্ডার ছিলেন। সঞ্জয় গান্ধীর স্বপ্নের এই প্রকল্প ঘিরে তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ এনেছেন তিনি।

নিশিকান্ত দুবের দাবি, ১৯৭০ সালে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই ভারত সরকারের কাছ থেকে গাড়ি তৈরির অনুমোদন পেয়েছিল। তাঁর অভিযোগ, ১৯৬৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মন্ত্রিসভার নির্দেশে পুত্রবধূ সোনিয়া গান্ধীর সংস্থাকে গাড়ি তৈরির অনুমতি দিয়েছিলেন। এছাড়া ১৯৭২ সালে সঞ্জয় গান্ধী সরকারি খরচে বিশ্বভ্রমণ করেছিলেন বলেও তিনি দাবি করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তরের ভেতরে বেসরকারি সংস্থার অফিস খোলা এবং ব্যক্তিগত সচিব আর কে ধাওয়ানের ডিরেক্টর হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ।

মারুতি প্রকল্পের জন্য জমি বরাদ্দ এবং ব্যাংক ঋণ নিয়েও সরব হয়েছেন দুবে। তাঁর অভিযোগ, তৎকালীন হরিয়ানা সরকারের নিয়ম লঙ্ঘন করে বিদেশি নাগরিক সোনিয়া গান্ধীকে জমি দেওয়া হয়েছিল। এছাড়া ব্যাংক জাতীয়করণের উদ্দেশ্য গান্ধী পরিবারের সংস্থাকে ঋণ পাইয়ে দেওয়া ছিল কি না, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। উৎপাদন শুরুর আগেই সরকারি সংস্থা থেকে সিমেন্ট, ইস্পাত ও কয়লা সরবরাহ এবং বিভিন্ন রাজ্য সরকারকে অগ্রিম টাকা দেওয়ার নির্দেশের মতো বিষয়গুলো নিয়েও তিনি সোনিয়া গান্ধীর কাছে ব্যাখ্যা চেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *