ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিপর্যস্ত হাওড়া, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিপর্যস্ত হাওড়া, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অবিশ্রান্ত বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে হাওড়ায়। দুর্যোগের কারণে শুক্রবার সকালে হাওড়া থেকে পুরীগামী আপ বন্দে ভারত এক্সপ্রেস এবং পুরী থেকে হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় ভোরের দিকে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়। তবে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের অন্যান্য শাখায় ট্রেন চলাচল মোটের উপর স্বাভাবিক থাকলেও যাত্রীসংখ্যা ছিল বেশ কম।

টানা বৃষ্টির জেরে রাস্তায় বাস, ট্যাক্সি ও অটো চলাচল ব্যাহত হওয়ায় জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। হাওড়া স্টেশন চত্বরেও ট্যাক্সির সংখ্যা কম থাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। দুর্যোগের কারণে গঙ্গার ফেরি পরিষেবাতেও ব্যাঘাত ঘটেছে। সরকারি অফিস ও হাওড়া পুরসভায় কর্মীদের হাজিরা ছিল কম, যার প্রভাব পড়েছে কলকারখানার উৎপাদনেও।

বৃষ্টির ফলে হাওড়া শহরের সালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া ও ঘুসুড়ির মতো নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছেন। হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, জমা জল দ্রুত নিষ্কাশনের জন্য অতিরিক্ত পাম্প চালানো হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাস্তাঘাটে লোকজনের আনাগোনাও ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *