বাংলাদেশে অশান্তি মোকাবিলায় ঢাকা-সহ সাত জেলায় মোতায়েন ৯০ প্লাটুন বিজিবি

বাংলাদেশে অশান্তি মোকাবিলায় ঢাকা-সহ সাত জেলায় মোতায়েন ৯০ প্লাটুন বিজিবি

বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে হিংসাত্মক ঘটনা, বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৯০ প্লাটুন সদস্যকে মাঠে নামানো হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এই বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ জেলায় সর্বোচ্চ ২৯ প্লাটুন, ঢাকা জেলায় ১৮ প্লাটুন এবং ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া গাজীপুরে ১৫, নারায়ণগঞ্জে ৬, কক্সবাজারে ৬, ফরিদপুরে ৫ এবং ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আরও ৪ প্লাটুন সদস্যকে রিজার্ভ রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারির জন্য বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ প্রযুক্তি-নির্ভর মনিটরিং সেল খোলা হয়েছে। ড্রোন, বডি-ওয়ার্ন ক্যামেরা এবং আধুনিক নজরদারি সরঞ্জামের মাধ্যমে লাইভ ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিজিবি জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তেও তাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে মোতায়েনকৃত সদস্যরা কঠোর শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *