রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে ৫০ আসনে জয়ী সিপিএম

রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে ৫০ আসনে জয়ী সিপিএম

রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে সিপিএম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের পঞ্চায়েত সমিতি নির্বাচনে ৫০টি আসনে জয়লাভ করেছে লাল শিবির। পাশাপাশি, জেলা পরিষদের ৭টি আসনেও জয়ী হয়েছেন সিপিএম প্রার্থীরা। বর্তমানে রাজস্থানে সিপিএমের কোনো বিধায়ক নেই এবং লোকসভায় দলের সাংসদ সংখ্যা মাত্র এক। এই পরিস্থিতিতে গ্রামীণ নির্বাচনে দলের এই ফলাফলকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে নোখা নগরপালিকার ৪৫টি আসনের মধ্যে ২৯টিতে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল সিপিএম।

রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে সামগ্রিকভাবে কংগ্রেস বড় ব্যবধানে জয়ী হয়েছে। পঞ্চায়েত সমিতির মোট ৭ হাজার ৫৪৩টি আসনের মধ্যে কংগ্রেস ৩ হাজার ৭৫৮টি আসনে জয় পেয়েছে। সেখানে বিজেপি জিতেছে ২ হাজার ২১৩টি আসনে। জেলা পরিষদের ১ হাজার ২৭৫টি আসনের মধ্যে কংগ্রেস ৭৯৪টি এবং বিজেপি ৩৫৭টি আসনে জয়ী হয়েছে।

অন্যান্য দলগুলোর মধ্যে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) পঞ্চায়েত সমিতিতে ৪৯৬টি আসন পেয়েছে। ভারত আদিবাসী পার্টি (বিএপি) জিতেছে ২৭৬টি আসনে। এছাড়া বহুজন সমাজ পার্টি (বিএসপি) ৬০টি এবং আম আদমি পার্টি (এএপি) ২টি আসনে জয়ী হয়েছে। নির্বাচনে নির্দল প্রার্থীরা মোট ৬২৭টি আসনে জয়লাভ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *