মধ্য পেরুতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নেই কোনো ক্ষয়ক্ষতির খবর

মধ্য পেরুর জুনিন অঞ্চলে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জুনিনের আন্দিয়ান অঞ্চলের ১২৯ কিলোমিটার গভীরে। কম্পনটি রাজধানী লিমা পর্যন্ত অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন এবং লিমার কংগ্রেস ভবন থেকে আইন প্রণেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
জুনিন প্রদেশের কাউন্সিলের সদস্য ভিসেন্তে কুইসপে জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই অঞ্চলে সাধারণত এত তীব্রতার ভূমিকম্প সচরাচর দেখা যায় না। উল্লেখ্য, জুনিন অঞ্চলটি পেরুর অন্যতম প্রধান খনি এলাকা হিসেবে পরিচিত, যেখানে তোরোমোচো তামার খনি অবস্থিত। দেশটি বিশ্বের অন্যতম প্রধান তামা উৎপাদনকারী রাষ্ট্র হওয়ায় খনি শিল্প তাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো ঝুঁকি নেই। পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় এখানে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়শই ভূমিকম্প অনুভূত হয়। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে প্রশাসন।